উপজেলার পটভূমি
ভারত বর্ষের আসাম বেঙ্গল প্রদেশের শেষ সীমানায় ছিল এই অঞ্চল । বর্তমানে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম নামক স্থানে ছিল লাখাই আউটপোষ্ট । ১৯২২ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারী তৎকালীন আসাম প্রাদেশিক সরকারের গেজেট নোটিফিকেশন নম্বর ১৭৬ জিকে-র মাধ্যমে লাখাই থানা প্রতিষ্ঠিত হয় মর্মে জানা যায় । তার আগে এ অঞ্চলের সাব রেজিষ্টি অফিস ছিল মাধবপুর উপজেলার চর ভাঙ্গা নামক স্থানে । ১৯৪৭ এর পরে এ অঞ্চলের সাব রেজিষ্ট্রি অফিস হয় হবিগঞ্জ মহকুমায় । ৪৭ এর পরে হবিগঞ্জ মহকুমার অধীনে এ অঞ্চলকে সার্কেল অফিসার রাজস্বের আওতায় আনা হয় । ১৯৬৪ সালে এ অঞ্চলকে সার্কেল অফিসার উন্নয়নের আওতায় আনা হয় এবং স্বজনগ্রাম নামক স্থানে সিও ডেভেলপমেন্ট লাখাই এর কার্যালয় স্থাপন করা হয় । সিও ডেভেলপমেন্ট এর কার্যালয়ের অধীনে অন্যান্য অফিস স্থাপন করা হয় । ১৯৮৩ সালে বিভিন্ন লোকের দরখাস্ত এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে লাখাইকে মনোনীত থানায় উন্নীত করা হয় এবং বামৈ ইউনিয়নের ভাদিকারা মৌজার কালাউক নামক স্থানে ১৯৮৩ সালের ১৫ ই এপ্রিল মানোন্নীত থানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বিবেকানন্দ পাল । পরবর্তীতে ধীরে ধীরে কালাউক নামক স্থানেই উপজেলা পরিষদের সকল অফিস, বাসভবন প্রতিষ্ঠিত হয় ।
ভৌগলিক পরিচিতিঃ
অক্ষাংশ দ্রাঘিমাংশ বিচারে লাখাই উপজেলা ২৪ ডিগ্রি ১৭ মিনিট ৫ সেকেন্ড উত্তর অক্ষাংশ এবং ৯১ ডিগ্রি ১৬ মিনিট ২৪ সেকেন্ড পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত । তিনটি বিভাগের সীমান্তে অবস্থিত এ উপজেলার উত্তরে আছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা, দক্ষিণে চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা, পূর্বে হবিগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা ।
0 Comments